নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শান্তিনিকেতন সড়কের দুই পাশের ফলজ গাছকে ঘিরে বেড়ে ওঠা আগাছা পরিষ্কার করেছে নোবিপ্রবি শাখা ছাত্রদল।
রবিবার (২৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মন্দির এলাকা থেকে শান্তিনিকেতন পর্যন্ত সড়কের দুই ধারে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
সংগঠনটির সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
ছাত্রদল জানায়, দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে থাকা আগাছা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ফলজ গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছিল। আগাছার প্রভাবে গাছের আকার ও ফলনের ওপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি রোগবালাইয়ের ঝুঁকিও বাড়ছিল।
এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, “ক্যাম্পাসের ফলজ গাছগুলো অযত্ন ও পরিচর্যার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অতিরিক্ত আগাছার কারণে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও ফলনের মান ব্যাহত হচ্ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। পাশাপাশি প্রশাসনকে নিয়মিতভাবে এ ধরনের পরিচর্যা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছি।”
সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, “আমাদের ক্যাম্পাসটি ছবির মতো সুন্দর, কিন্তু আগাছা ও পরিচর্যার অভাবে সেই সৌন্দর্য পুরোপুরি ফুটে ওঠে না। ক্যাম্পাসের অধিকাংশ মালি ও গার্ডেনারকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দায়িত্ব দেওয়ায় জনবল সংকট তৈরি হয়েছে। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি, তাদের নিজ নিজ কাজে ফিরিয়ে এনে এই সংকট দূর করার উদ্যোগ নেওয়া হোক।”
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা জানান, একটি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলা সবার দায়িত্ব। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষায় নোবিপ্রবি ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









