শরীয়তপুরের সখিপুর থানায় বজ্রপাতে ফয়সাল আহমেদ বেপারী (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) দুপুরে সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহেদ আলী কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই গ্রামের ফজলুল হক বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফয়সাল বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। একবার ঘাস কেটে বাড়িতে রেখে পুনরায় মাঠে গেলে হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। কাছাকাছি জমিতে কর্মরত আরেক কৃষক বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চেয়ারম্যান বাজারের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
নিহত ফয়সাল ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্ত্রী, দুই মেয়ে ও এক সন্তান নিয়ে পরিবারটি এখন চরম অসহায়ত্বের মধ্যে পড়েছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলী বেপারী বলেন, ফয়সালের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরিবারটি এখন পুরোপুরি অসহায়। ব্যক্তিগত ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









