সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর মিছিল থামছে না। সর্বশেষ চব্বিশ ঘন্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু ৫১ জনে দাঁড়িয়েছে।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া শিশুরা হলো— সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার করমধা গ্রামের সাবুল মিয়ার পুত্র আবিদ (১০ মাস), সদরের শাহপরান (রহ.) এলাকার রফিকুল ইসলামের পুত্র আরাবি আহমদ (১ বছর ৩ মাস), মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফারুক মিয়া পুত্র নাফি ইসলাম (৫ মাস) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেষ রায়ের পুত্র নিলয় রায় (৬ মাস)। তাদের মধ্যে নাফি ও নিলয় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, আবিদ ও আরাবি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ভর্তি হয়েছেন ৪৩ শিশু। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ২৯৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় কারো নমুনা পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া যায়নি। ফলে মোট আক্রান্ত ১৫৮ জনে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









