বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দাবিতে টানা তিনদিন ধরে হাতে “Justice for Ramisa” প্ল্যাকার্ড নিয়ে একাই অবস্থান কর্মসূচি পালন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী আল তুরাগ হোসাইন। তার এই ব্যতিক্রমী প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
আল তুরাগ হোসাইন মাভাবিপ্রবির ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তিনি স্নাতক (অনার্স) সম্পন্ন করেছেন।
গত বৃহস্পতিবার (২১ মে) বগুড়ার সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার গোলচত্বরে প্ল্যাকার্ড হাতে একাই প্রতিবাদ শুরু করেন তুরাগ। প্রথম দুই দিন তিনি একাই অবস্থান করলেও, শনিবার (২৩ মে) বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরাও প্ল্যাকার্ড হাতে তার এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন।
একা রাজপথে দাঁড়ানোর কারণ হিসেবে আল তুরাগ হোসাইন বলেন:
"একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে নিজের কাছে দায়বদ্ধতা অনুভব করেছি। রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় সারাদেশের মানুষের মতো আমিও ভীষণ মর্মাহত। রামিসা আমার নিজের ছোট বোনও হতে পারতো। আমি চেয়েছি সাধারণ মানুষ দেখুক—একজন হলেও প্রতিবাদ করা যায়। রামিসাসহ সকল নির্যাতিত শিশুর অন্যায়ের বিচার একদিন অবশ্যই হবে।"
তিনি আরও জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করার ঘোষণা দেওয়ায় তিনি তার অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।
তুরাগের এই একক প্রতিবাদকে একটি সাহসী ও মানবিক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন স্থানীয় পথচারী ও তার সহপাঠীরা। সমাজে সচেতনতা বাড়াতে একজন শিক্ষার্থীর এমন অবস্থান ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









