সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে ফাহমিদা আক্তার মোহনা (২৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে ছয়টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ফাহমিদা আক্তার মোহনা উত্তর জাঙ্গালহাটা গ্রামের জাহিদুল ইসলাম ছদরুলের (৩৫) স্ত্রী।ঘটনার পর থেকে অভিযুক্ত ছদরুল পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় স্বামী ছদরুলের সাথে স্ত্রী মোহনার পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছদরুল ঘরে থাকা শাবল দিয়ে স্ত্রী মোহনার মাথায় সজোরে আঘাত করেন। আঘাতের সাথে সাথেই মোহনা মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোহনাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই স্বামী ছদরুল পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ কর হবে।
এর আগে গত শুক্রবার ভোরে সিলেট সদর উপজেলায় সুবিনা বেগম (২৫) নামের এক মা তার দেড় বছর বয়সী কন্যাসন্তানকে গলা কেটে হত্যা করেন। ওই ঘটনায় অভিযুক্ত মা বর্তমানে আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গোলাপগঞ্জে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









