পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ট্রলারের কেবিনে ঘুমন্ত অবস্থায় ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারানো ট্রলার মাঝি কামাল বাহাদুর (৩৮)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।
রবিবার (২৪ মে) সকালে নাজিরপুরে তার নিজ গ্রামে নিহতের পরিবারের কাছে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়।
প্রতিমন্ত্রীর নির্দেশনায় নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার নেতাকর্মীরা নিহতের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো আর্থিক সহায়তা পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের প্রত্যাশা, এই দুঃসময়ে এমন সহমর্মিতা পরিবারটিকে কিছুটা হলেও সাহস ও সান্ত্বনা জোগাবে।
নিহত কামাল বাহাদুর পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ছোবড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনোহরপুর গ্রামের বাসিন্দা। তিনি আ. হালিম বাহাদুরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কামাল মাঝির স্ত্রী মহিমা বেগমসহ চার কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে বড় মেয়ে মাইশা আক্তার সাথী (১৩) সপ্তম শ্রেণির ছাত্রী, মেজ মেয়ে সামিয়া (৯) দ্বিতীয় শ্রেণিতে এবং সেজ মেয়ে ইভা (৬) প্রথম শ্রেণিতে অধ্যয়নরত। সবচেয়ে ছোট মেয়ে চাঁদনী, যার বয়স মাত্র ১৮ মাস।
নিহতের স্ত্রী মহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। এখন ছোট ছোট মেয়েদের নিয়ে আমি কীভাবে সংসার চালাব বুঝতে পারছি না। সরকারের সহযোগিতা পেলে আমরা হয়তো বেঁচে থাকার একটু ভরসা পাব। আমি ভাবতেও পারিনি প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন ভাই আমাদের দুঃসময়ে তিনি আমাদের পাশে দাঁড়াবেন। এই উপহার পেয়ে আমি ও আমাদের পরিবার তার কাছে চির কৃতজ্ঞ।"
স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর ভবিষ্যতেও নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। কামাল বাহাদুরের পরিবারকে একা ফেলে রাখা হবে না। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন কামাল বাহাদুর। ওই পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।"
এ সময় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম বাহাদুর, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম টুটুল ও সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে নেছারাবাদের বালিহারী খালের হাজী আব্দুর রহমানের বাড়ির সামনের ব্রিজসংলগ্ন এলাকায় “ফিয়ানা-ফাতেমা” নামে একটি স্টিলবডি দেশীয় কাঠবোঝাই ট্রলার পানির প্রবল স্রোতে ডুবে গিয়ে কামাল বাহাদুরের মৃত্যু হয়। বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর স্থানীয় নেতাকর্মী ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরে আর্থিক সহযোগিতার পদক্ষেপ গ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









