নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট, বিদেশি মদ ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার তারাব পৌরসভার তেতলাভ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- তেতলাভ এলাকার মো. সুলতান (৩০), মো. নয়ন মিয়া (২৬) এবং রাজ রায়হান রাব্বি (২৪)। অভিযানে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মোহাম্মদ রওশন আলীর নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে তেতলাভ এলাকার একটি মুদি দোকানের সামনে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে সুলতানের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও নগদ ৪০ হাজার টাকা এবং নয়ন মিয়ার কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে রাজ রায়হান রাব্বি তার ভাড়া বাসায় বিদেশি মদ মজুদের তথ্য দিলে পুলিশ রাতেই তেতলাভ খালপাড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে খাটিয়ার নিচে লুকিয়ে রাখা ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, “রূপগঞ্জকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটক তিনজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









