সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউপির মাদিয়া এলাকায় খোলপেটুয়া নদীর পানি রক্ষা বেড়িবাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে।
সম্প্রতি শুরু হওয়া ভাঙ্গনে প্রায় ২৫০ ফুট এলাকা ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শঙ্কা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদিয়া এলাকার দুর্গাবাটি মন্দির সংলগ্ন খোলপেটুয়া নদীর চরে হঠাৎ ভাঙ্গন দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পানি উন্নয়ন বোর্ড থেকে জরুরী ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করেছে। তবে নদীর স্রোত ও জোয়ারের তীব্র্রতায় ভাঙ্গন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন এলাবাসী। খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে গেলে বুড়িগোয়ালিনি ইউনিয়নের দশ গ্রাম প্লাবিত হতে পারে।
সাবেক ইউপি সদস্য নীলকান্ত রপ্তান বলেন, “দুর্গাবাটি মন্দির সংলগ্ন মাদিয়া এলাকায় যেভাবে নদীর চরে ভাঙ্গন শুরু হয়েছে দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্যোগ দেখা দেবে।”
তিনি আরও বলেন, “বাঁধ ভেঙে গেলে প্রায় ২ থেকে ৩ শত পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসলি জমি, মাছের ঘেরসহ বসতবাড়ি ক্ষয়ক্ষতি হতে পারে।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার যথাযথ কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।
পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরের উপ-সহকারী প্রকৌশলী ফজলুল হক বলেন, “ভাঙ্গন প্রতিরোধে মাদিয়ায় জিও ব্যাগ ডাম্পিং করা শুরু হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









