নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) দুপুরে ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লা এলাকার একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে থানায় নেওয়া হয়। আটক আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুর পরিবার এবং অভিযুক্ত আনোয়ার একই বাসায় পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শিশুটির বাবা-মা গার্মেন্টসে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮টার দিকে তারা নিজ নিজ কর্মস্থলে চলে যান।
অভিযোগ অনুযায়ী, সকাল ১১টার দিকে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে কক্ষে প্রবেশ করে আনোয়ার শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিশুটির মা জানান, ঈদের সময় আশপাশের বেশিরভাগ ভাড়াটিয়া গ্রামের বাড়িতে চলে যাওয়ায় বাসাটি প্রায় ফাঁকা ছিল। এ সুযোগেই এ ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন। সন্ধ্যায় কর্মস্থল থেকে ফিরে তিনি মেয়ের কাছ থেকে ঘটনার কথা জানতে পারেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, নির্যাতিত শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









