ঝালকাঠির নলছিটিতে তিন চাকা বিশিষ্ট ট্রলি উল্টে ট্রলির মালিক হানিফ মাঝি (৩৮) নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৪ মে) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালিবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে। এ ঘটনায় বাকেরগঞ্জ উপজেলার চরাদি এলাকার বাসিন্দা চালক মো. ইমনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানপাশা বাজার থেকে তিন চাকা বিশিষ্ট ট্রলিটি তেল খালাস করে বাখরকাঠি ফেরত যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে উল্টে যায়। এ সময় মালিক হানিফ মাঝি ট্রলির নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে এবং আহত চালক ইমনকে হাসপাতালে পাঠানো হয়।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









