সারা দেশে ক্রমাগত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে কুষ্টিয়া পৌরসভা চত্বর।
রবিবার (২৪ মে) সকালে কুষ্টিয়া পৌরসভার সামনে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে ‘ম্যাসফ রাইট ডিফেন্ডার্স নেটওয়ার্ক’, কুষ্টিয়া। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এবং কুষ্টিয়া মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা।
মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
মমতাজ আরা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মিজানুর রহমান লাকি, এসএম কাদেরী শাকিল, এম এ কাইয়ুম, শ্যামল কুমার চৌধুরী, আব্দুর রাজ্জাক, সালমা সুলতানা, এ্যাড. আব্দুর রশিদ রানা, ফিরোজ আহমেদ, ফেরদৌসী বেগম রুবী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আইনের ফাঁকফোকর কিংবা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়িয়ে দিচ্ছে। এই সংস্কৃতির অবসান ঘটাতে হবে এবং প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, একটি নিরাপদ ও শিশুবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হলে শুধু আইনের ওপর ভরসা করলেই চলবে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত আইনের কার্যকর ও কঠোর প্রয়োগ জরুরি।
উক্ত কর্মসূচিতে সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তা, মানবাধিকার কর্মী ও স্থানীয় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থেকে এই প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









