রংপুরের গংগাচড়ায় অসহায় এক পরিবারের জন্য দুই কক্ষবিশিষ্ট টিনের ঘর উপহার দেওয়া হয়েছে। সীড অব সাদাকাহ সংস্থার অর্থায়নে এবং উপজেলা জামায়াতের সহযোগিতায় ঘরটি নির্মাণ করা হয়।
রবিবার (২৪ মে) উপজেলার সদর ইউনিয়নের কুটিপাড়া এলাকায় ঘরটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুটিপাড়া এলাকার হোটেল শ্রমিক মো. মিলন মিয়া প্রায় দুই বছর আগে মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারানোর পর তার পরিবার আর্থিক সংকটে পড়ে। বসতঘরের সংকটসহ নানা দুর্ভোগের মধ্য দিয়ে পরিবারটি দিন পার করছিল।
সহায়তার অংশ হিসেবে মিলন মিয়ার স্ত্রী কুলসুম আক্তার সুমির হাতে দুই কক্ষবিশিষ্ট ঘরটি তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. সাইফুল ইসলাম, শ্রমিক নেতা সোয়াইবুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এমপি রায়হান সিরাজী বলেন, ‘‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অনেক পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে।’’
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









