বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১ নম্বর ওয়ার্ডের চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় জনগণের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সোমবার (৮ জুন) নগরীর ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা এবং জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের নানা সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা প্রশাসকের কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ সহকারে সেসব কথা শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য আহমেদ জ্যাকি অনুপম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জিয়াউল ইসলাম সাবু ও মুশফিকুল হাসান মাসুম, মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা খান রোজী, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরান।
এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগর উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই নাগরিক সুবিধা নিশ্চিত করা। এজন্য জনগণের মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। তাই জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।
মতবিনিময় সভা শেষে স্থানীয়রা উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ওয়ার্ডের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। এ সময় সংশ্লিষ্ট নেতৃবৃন্দও নগরবাসীর কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের মতে, জনপ্রতিনিধি ও প্রশাসনের এমন জনসম্পৃক্ত কার্যক্রম নগর উন্নয়নকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









