সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ে বসতঘর উড়ে যাওয়া দুই এতিম কন্যার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে তাড়াশ পৌর শহরের কোহিত পশ্চিম পাড়া এলাকায় সরেজমিনে গিয়ে ঘর নির্মাণের জন্য টিন, নগদ অর্থ ও শুকনো খাবার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এ সময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, সাংবাদিক সুজন মাহমুদ ও খালিদ হাসানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, ওই গ্রামের মৃত আসাদ আলী প্রায় দুই বছর আগে মারা যান এবং মাত্র দুই মাস আগে তাদের মা-ও মারা যান। মা-বাবাকে হারিয়ে চরম অসহায় হয়ে পড়ে দুই বোন মধু খাতুন ও আস্তা খাতুন। এর মধ্যে গত ঈদুল আজহার আগের দিন রাতে ঝড়ের কবলে পড়ে তাদের একমাত্র বসতঘরটি উড়ে যায়। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে তাদের মানবেতর জীবনযাপনের খবর পেয়ে প্রথমে ছুটে যান বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম।
তিনি ব্যক্তিগতভাবে খাদ্যসামগ্রী, নতুন পোশাক ও আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ দ্রুত ওই অসহায় এতিম পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









