কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহকারীসহ আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৫টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চালক সজীব ও তাঁর সহকারী জিহাদ (১৫)। পথে মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় ট্রাকের চালক-সহকারীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক সজীব মারা যান।
এ ঘটনায় সজীবের সহকারী জিহাদসহ অপর ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, “সকালে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানা গেছে। এদিকে, ঘন ঘন সড়ক দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









