কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযানে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। পরে অতিরিক্ত পুলিশ সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত মাদক কারবারি জাহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ এবং গাড়ি থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮জুন) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন -মিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসু ও এএসআই ফারুক। তারা বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি দল বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় মশান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তার ব্যবহৃত প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশির উদ্যোগ নেয়।
তল্লাশির একপর্যায়ে জাহিদ ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তাকে আটক করার চেষ্টা করলে তিনি পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে এএসআই শামসু ও এএসআই ফারুক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
খবর পেয়ে রাত ১০টার দিকে ওসি (তদন্ত) আব্দুল আজিজের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর মশান এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত জাহিদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জাহিদের ব্যবহৃত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে গাড়িটি জব্দ করা হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চিহ্নিত মাদক কারবারি জাহিদকে গ্রেপ্তারের সময় সে পুলিশের ওপর হামলা চালিয়ে দুই কর্মকর্তাকে আহত করে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে মাদক উদ্ধার এবং ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাহিদ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। পুলিশের সাম্প্রতিক এই অভিযানে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









