কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকায় আট বছরের এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অভিযুক্ত আসাদুল ইসলাম আছাইয়ের (৩৮) দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
আজ মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চর মিলপাড়া এলাকার সাধারণ মানুষ, নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকাবাসী সাদ্দাম আলী, মিনারা খাতুন, মোহাম্মদ আলী হোসেনসহ আরও অনেকে। বক্তারা বলেন, শিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও সহিংসতার ঘটনা সমাজে উদ্বেগজনকভাবে বাড়ছে। এ ধরনের অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা না গেলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বৃদ্ধি পাবে।
মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে “ধর্ষক আছাইয়ের ফাঁসি চাই” এবং “নরপিশাচ আছাইয়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল” লেখা ছিল। অংশগ্রহণকারীরা বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করতে হবে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চর মিলপাড়া এলাকায় আট বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে স্থানীয় লোকজন অভিযুক্ত আসাদুল ইসলাম আছাইকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করার পরও ক্ষোভ থামেনি এলাকাবাসীর। হাসপাতাল চত্বরে জড়ো হয়ে তারা অভিযুক্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সবাইকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









