পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেল ৫টার দিকে বাবুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানটি দক্ষিণ বঙ্গের অন্যতম জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ইসরত হোসেন কচি তালুকদার। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপকারভোগী সাধারণ মানুষের হাতে প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সরকারের এ ধরনের মানবিক ও আর্থিক সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চেক নিতে আসা উপকারভোগীরা ঈদের আগে এই বিশেষ আর্থিক সহায়তা পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









