ময়মনসিংহের গফরগাঁওয়ে রাস্তার পাশের গর্তের পানিতে পড়ে সুমন নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরিয়ান নামে অপর এক শিশু আহত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার পাগলা থানাধীন কান্দিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার সলপুনিয়া গ্রামের নয়ন মিয়ার ছেলে ও স্থানীয় নিউ মডেল একাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সুমনের পরিবার কান্দিপাড়া বাজারে ভাড়া বাসায় বসবাস করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ সংলগ্ন রাস্তায় মাটি ফেলার জন্য তৈরি একটি গর্তে বৃষ্টির পানি জমেছিল। সোমবার দুপুর একটার দিকে সুমন ও আরিয়ান ওই গর্তের পানিতে খেলতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় তারা দুজনেই পানিতে তলিয়ে যেতে থাকে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. এন এম ইশা সুমনকে মৃত ঘোষণা করেন। অপর শিশু আরিয়ান কিছুটা সুস্থ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তার স্বজনরা তাকে বাড়ি নিয়ে যান।
রাস্তার পাশের অরক্ষিত গর্তের পানিতে পড়ে এমন অবুজ শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









