ঝিনাইদহে মিছিল করার পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট।
সোমবার (৮ জুন) দিবাগত রাতে ছাত্রলীগের ওই তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর শহরের আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিক।
জানা গেছে, গতকাল সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। মিছিলের পরে দুপুরে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ। ওই মামলায় বিকেল থেকেই জেলার বিভিন্ন এলাকায় আটকাভিযান শুরু করেছে পুলিশের বিভিন্ন ইউনিট। পরে রাতে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর তাদের মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়। এবং আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, ‘‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় ২৪ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









