বরিশাল বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান বরিশাল জেনারেল হাসপাতালের সেবার মান আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সভায় হাসপাতালের চিকিৎসা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, রোগীসেবা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে বরিশাল জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সভায় তিনি বলেন, বরিশাল জেনারেল হাসপাতাল দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন অসংখ্য রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। সাধারণ মানুষ যেন সহজে, দ্রুত এবং মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং হাসপাতালের পরিবেশ আরও সুন্দর ও রোগীবান্ধব করতে বরিশাল সিটি কর্পোরেশন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হাসপাতালের সেবাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তুলতে হবে। চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবার গুণগত মান আরও বৃদ্ধি করা সম্ভব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই-এলাহী, প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার।
এ সময় বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়ালসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের বর্তমান চিকিৎসাসেবার অবস্থা, রোগীদের ভোগান্তি কমানোর উপায়, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা রক্ষা এবং সেবার মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানের বিষয়ে মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, একটি হাসপাতালের সুনাম কেবল অবকাঠামোর ওপর নির্ভর করে না; বরং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, সেবার মান এবং রোগীবান্ধব পরিবেশের ওপরও নির্ভরশীল। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাসপাতালের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









