সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সাগরিকা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল মনাফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অন্যদিকে মঙ্গলবার (৯ জুন) ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আ. মনাফ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত রিফাত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্র ও জয়কলস হাইওয়ে পুলিশ জানায়, ভোরে কান্দিগাঁও জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে কান্দিগাঁওয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আ. মনাফ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী ঢাকা মেট্রো-ব-১২-১৯৬০ নম্বরের সাগরিকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হনসুনামগঞ্জে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। পরে উপজেলার সদরপুর সেতুর সামনে বাসটি রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ সেখানে গিয়ে বাসটি জব্দ করে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ‘‘দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’
আবার একই দিনে দিরাই রাস্তা (মদনপুর) পয়েন্টে একটি যাত্রীবাহী বাস ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই দুই যানের চালক পালিয়ে গেলেও ঘাতক বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মদনপুর পয়েন্টের সড়কের একপাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন যাত্রী মারাত্মকভাবে আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









