সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের শুরু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে এর উদ্বোধন করেন সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের স্বজন, ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন দুপুরে ফিতা কেটে ‘বিরাহিমপুর ডাকঘর’ নামক এই সাব-পোস্ট অফিসের নব-কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ডিপিএমজি সুজিত চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের দাদা মরহুম খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী জীবদ্দশায় তাঁর এই বাড়িতে ডাকবিভাগকে ১৬ শতক জমি দান করেছিলেন। সেখানে স্থাপন করা হয়েছিলো শাখা ডাকঘর। কিন্তু ভবন পরিত্যক্ততায় ২০১৩ সালে এ ডাকঘরের কার্যক্রম পার্শ্ববর্তী সিলাম সাব-পোস্ট অফিসে স্থানান্তর করা হয়।
তবে ২০২৪ সালে এ ডাকঘরকে টাউন সাব-পোস্ট অফিস হিসেবে উন্নীত করে পুনরায় কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয় এবং সম্প্রতি ডাক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কাজী আসাদুল ইসলাম স্যারের নির্দেশ এবং চট্টগ্রাম অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) মো. আবু তালেব স্যারের সার্বিক তত্ত্বাবধানে ও আমাদের সিলেট বিভাগীয় ডাকঘরের ব্যবস্থাপনায় ভবনের সংস্কারকাজ শেষ করা হয়।
প্রধানমন্ত্রী ও তার স্বজনদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সুজিত চক্রবর্তী বলেন, স্থানীয় মানুষের ডাকসেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যেই তারা বহু বছর আগে এই মহান উদ্যোগ নিয়েছিলেন। আজ আমরা সেই উদ্যোগকে সবাই এগিয়ে নিয়ে যাবো এবং স্থানীয়দের সকল আধুনিক ডাকসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।
অন্যদের মধ্যে সভায় বক্তব্য দেন, খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী ওয়াকফ স্ট্যাট’র মুতাওয়াল্লি বাবর আলী খাঁন, সমাজসেবক আসাদ উদ্দিন, সিলেট প্রধান ডাকঘরের এপিএম লিপ্টন রঞ্জন রায় ও এপিএম মুজিবুর রহমান খান পাঠান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









