সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে বাসের ধাক্কায় আব্দুল মনাফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মনাফ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা মৃত রিফাত উল্লাহর ছেলে।
জয়কলস হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল মনাফ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী সাগরিকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









