জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী মুসাররাত সানান রহমান। মঙ্গলবার (০৯ জুন) রাজধানীর পিটিআই ঢাকা ও শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩টি জেলার প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ইতিপূর্বে কবিতা আবৃত্তি তে টাঙ্গাইল জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে সে। জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনের পর ঢাকা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে মুসাররাত কৃতিত্বের সহিত বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠ হয়েছেন।
মুসাররাত সানান রহমান সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে শিক্ষক দম্পতি মিজানুর রহমান ও মমতাজের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার আগ্রহ রয়েছে। বিশেষ করে কবিতা আবৃত্তিতে তার দক্ষতা ও প্রতিভা ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে।
মঙ্গলবার ঢাকার পিটিআই মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল আজিজ। বিকেলে মাননীয় প্রতিমন্ত্রীর হাত থেকে শিক্ষার্থী মুসাররাত সানান রহমান পুরস্কার গ্রহণ করেছে।
গড়গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জুলহাস উদ্দিনের ভাষ্য মতে মুসাররাত ছোটবেলা থেকেই মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তার সাংস্কৃতিক বিষয়ে বেশ আগ্রহ রয়েছে। বিশেষ করে কবিতা আবৃত্তি বিষয়ে অত্যন্ত ভালো। তার মনোযোগ অধ্যবস্যায় এবং প্রচেষ্টার মাধ্যমেই ঢাকা বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তি বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ববি হাজ্জাজ এমপি মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে।
শিক্ষার্থী মুসাররাত সানান রহমানের মা মমতাজ বেগম বলেন, আমার মেয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি বিষয়ে অংশগ্রহণ করে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।
আমি খুব খুশি হয়েছি। পিতা-মাতা যখন একজন সন্তানের সাফল্যের খবর শোনেন তখন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠেন। আমিও আমার মেয়ের খুশির সংবাদে আনন্দিত হয়েছি। আমার সন্তানের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আমার সন্তান যেনো বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারে।
শিক্ষার্থী মুসাররাত সানান রহমানের সাফল্যে পরিবারের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং আত্মীয়-স্বজন সকলেই খুব খুশি হয়েছেন বিভাগীয় পর্যায়ে মুসাররাত সানান রহমানের শ্রেষ্ঠত্বের ফলাফলের কথা শুনে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









