সিলেট নগরীর সুবিদবাজার এলাকার একটি বাসা থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম মাহাদি আনজুম (১৫)। সে সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার বাসিন্দা মৃত মিসবাহ উদ্দিন ও চিকিৎসক রুলী বিনতে রহিমের ছেলে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সুবিদবাজারের ফাজিলচিশত এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাদি তার মায়ের সঙ্গে ফাজিলচিশত এলাকার ১৩/৩ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকত। মঙ্গলবার দুপুরে ঘরের ভেতর তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য এবং বিমানবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের ভেতর থেকে মাহাদির মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের সময় ওই কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে সেটি মাহাদির নিজের লেখা বলে ধারণা করা হচ্ছে।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, উদ্ধার হওয়া চিরকুটটি ইংরেজিতে লেখা ছিল। সেখানে তার মরদেহের ময়নাতদন্ত না করার এবং পুলিশ যেন এই ঘটনাটি নিয়ে কোনো তদন্ত না করে, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
ওসি আরও বলেন, ‘‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া চিরকুটে ময়নাতদন্ত ও তদন্ত না করার অনুরোধ থাকলেও, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’’
মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









