ভোলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন।
সোমবার (১০ আগস্ট) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর মৌজার মেঘনা বালুমহল-৩ ও ৪ নম্বর বালুকাইডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোলা কোস্ট গার্ডের সদস্যদের সঙ্গে ছিলেন ভোলা সদর উপজেলা ভূমি কর্মকর্তা এস এম মশিউর রহমান।
অভিযান শুরু হলে অবৈধ ড্রেজারের মালিক ও চালকরা পালিয়ে যায়। তবে নদীর তীরে অল্প অল্প বালু ভর্তি অবস্থায় প্রায় ২০ থেকে ২২টি বাল্কহেড পাওয়া যায়।
বাল্কহেডে থাকা শ্রমিকরা জানান, তারা বালুমহল থেকে টোকেন নিয়ে ড্রেজারের মাধ্যমে বালু লোড করে নিয়ে যাচ্ছেন।
কোস্ট গার্ড জানিয়েছে, অনুমোদিত ইজারা এলাকার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন বাড়ছে এবং ভোলার ভূখণ্ড দিন দিন ক্ষতির মুখে পড়ছে। এদিকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা এস এম মশিউর রহমান বলেন, “ইজারা দেওয়া এলাকার বাইরে বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









