নাটোরের গুরুদাসপুর উপজেলায় হরদমা ও সাবগাড়ি বেসানী এবং আত্রাই নদীতে অভিযান চালিয়ে অবৈধ সোতি জাল জব্দ ও বাঁশের বাঁধের অবকাঠামো ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৯ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নদীতে মাছ শিকারের জন্য স্থাপন করা অবৈধ সোতি জাল জব্দ করে অপসারণ করা হয়।
একই সঙ্গে সোতি জাল স্থাপনের কাজে ব্যবহৃত বাঁশের বাঁধের বিভিন্ন অবকাঠামো, চায়না দুয়ারি জাল ২০টি, কারেন্ট জাল ৫ হাজার মিটার ও সোতি জাল ৪টি চাচঁকৈড় বাঁশহাটা নন্দকুজা নদীর তীরে পুরিয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন থানা পুলিশের একটি টিম, ভূমি অফিস ও মৎস্য অফিসের সহকারীরা।
অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধ সোতি জাল পরিচালনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, “অবৈধ সোতি জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। সকল অবৈধ সোতি জাল জব্দ করে অপসারণ করা হবে। পাশাপাশি কারা এসব অবৈধ সোতি পরিচালনা করছেন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









