কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ববিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতসহ গুলিবিদ্ধ হয়ে গোলাম মোস্তফা ওরফে টেংগর (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরইকুড়ি গ্রামে পটল গ্রুপ ও আজা মেম্বর গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা ওরফে টেংগর চরইকুড়ি গ্রামের মৃত দৈয়ব মন্ডলের ছেলে। তিনি পটল গ্রুপের প্রধান পটলের ভাই।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পটল গ্রুপ ও স্থানীয় আজা মেম্বর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে গোলাম মোস্তফা ওরফে টেংগর গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে পটল (৭০), শুভ (৩৬), শাহ জামাল (৪০), আজা মেম্বর (৬০) ও বুলবুলসহ অন্যদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ববিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









