যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি। একইসঙ্গে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ২ হাজার ৪০৪ কৃষককে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৬৩৫ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে হৈবতপুরের আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে অনুষ্ঠানে নির্বাচিত কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
আয়োজকরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ল্যাপটপের বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নির্বাচিত উপকারভোগীদের মুঠোফোনে কৃষক কার্ড ও আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক বলেন, ‘‘২ হাজার ৬৩৫ জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি ২ হাজার ৪০৪ জন ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’’
কার্ড পাওয়া বানেয়ালি গ্রামের কৃষক আবু তালেব জানান, নির্বাচনের আগে অনিন্দ্য ইসলাম অমিত কৃষক কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এত দ্রুত সময়ের মধ্যে কার্ড পাবেন, তা তিনি ভাবেননি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও সিরাজুল ইসলাম।
এ ছাড়া সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









