‘জামায়াতের মুখে এক কথা, অন্তরে আরেক। জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত এদের মুনাফিকি আচরণ ছাড়া অন্য কোনো আচরণ আমরা দেখছি না। মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও জামায়াতে ইসলামীর কার্যক্রমে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে’— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই।’’
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ফটিকছড়ি উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘‘নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে এই মুহূর্তে কোনো পার্থক্য নেই। তারা ডিসেম্বর মাসকে বেছে নিয়েছে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে আমরাও ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবো। আমরা দেখতে চাই, ডিসেম্বরে কারা সরকার পতনের আন্দোলন শুরু করে। যারা সরকারকে সহযোগিতা না করে সরকার পতনের আন্দোলন করবে, সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করবে, বাংলাদেশের জনগণ তাদের রুখে দেবে।’’
তিনি বলেন, ‘‘হেফাজতে ইসলামের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর যে গণহত্যা পরিচালিত হয়েছিলো, সেই শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নির্বাচনের আগে হেফাজতের শ্রদ্ধেয় আমীর যেভাবে ইসলামী মূল্যবোধসম্পন্ন বক্তব্য রেখেছেন, বিশেষ করে ইসলামের নাম ও লেবাসকে ব্যবহার করে যারা প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি করছে— তিনি অত্যন্ত স্পষ্টভাবে তাদের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরেছেন।’’
তিনি আরও বলেন, ‘‘জান্নাতের টিকিট বিতরণের নামে মানুষকে যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল, সে বিষয়ে তিনি মানুষকে সচেতন করেছেন। যারা বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন, তারাও আমীরের বক্তব্যের মাধ্যমে অনেকটা সচেতন হওয়ার সুযোগ পেয়েছেন।’’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, ‘‘সরকারকে সহযোগিতা করার দাবি করলেও জামায়াতের কিছু কর্মকাণ্ড নিয়ে জনমনে সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে। ইসলামী রাজনীতির কথা বলে জামায়াত মূল্যবোধ থেকে দূরে সরে গেছে। হেফাজতের আমীর আমাদের বলেছেন, বর্তমান সরকারকে সবার সহযোগিতা করা উচিত।’’
রাষ্ট্র পুনর্গঠনে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্য ধরে রাখা প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘‘ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না। আপনারা যে ধরনের রাজনৈতিক বক্তব্য মাঠে-ময়দানে রাখছেন, এতে জাতি বিভ্রান্ত হচ্ছে।’’
হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘‘পবিত্র জুমার দিনে দোয়া নিতে এসেছি। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন এবং বিএনপি ও দেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন।’’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি ফয়সাল হাবিব, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, চট্টগ্রাম জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম লাভলু প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









