খাগড়াছড়ির দীঘিনালায় মোটরসাইকেলের সিটের নিচে রাখা ৫১টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসির একটি হাঙ্ক মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী গরু বাজারের পশ্চিম পাশে আবু বক্কর সিদ্দিকের ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম মিয়া মধ্য বোয়ালখালী এলাকার বাসিন্দা। তিনি মোঃ নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীঘিনালা থানার সাধারণ ডায়েরির সূত্র ধরে এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী গরু বাজার এলাকায় অভিযান চালিয়ে সেলিম মিয়াকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও ব্যবহৃত লাল-কালো রঙের মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের সিটের নিচে থাকা একটি কালো জিপারের ভেতর থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের নথি অনুযায়ী, উদ্ধার ইয়াবার মোট ওজন ৫ দশমিক ১ গ্রাম।
এ ঘটনায় ৫ অক্টোবর দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই প্রাণতোষ বণিকের ওপর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, সেলিম মিয়া ১ নম্বর মেরুং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি জানার পর দীঘিনালা উপজেলা বিএনপি তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে বলে সূত্রটি জানায়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









