টাকা ও প্রলোভনের কাছে হার মানল পেশাগত দায়িত্ব। বন্দি পালানোর কোনো গল্প নয়, বাস্তব নাটকের জন্ম দিয়েছেন খোদ এক পুলিশ কর্মকর্তা। ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’র পলায়ন নাটকের মূল কারিগর পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার নিজেই। প্রিজনভ্যানের তালা খুলে আসামি রাজাকে একটি প্রাইভেটকারে তুলে দিয়ে নাটক সাজিয়েছিলেন তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। জালিয়াতি ও অপরাধে সহায়তার অভিযোগে ইতোমধ্যে অভিযুক্ত এএসআই প্রবীর কুমার বিশ্বাস, প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পলায়নকারী আসামির বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার ঘটনার বিষদ বিবরণ দেন।
তিনি জানান,গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৯ জন আসামিকে ঢাকার আদালতে নেওয়া হয়। শুনানি শেষে রাতে তাদের ফিরিয়ে আনার পথে তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রিজনভ্যানটি থামানো হয়। সেখানে ইনচার্জের দায়িত্বে থাকা এএসআই প্রবীর কুমার চালকের কাছ থেকে চাবি নিয়ে প্রিজনভ্যানের তালা খোলেন এবং পিচ্চি রাজাসহ দুই হাজতিকে বের করেন।
অন্য আসামি খাইরুল বাশারকে ভ্যানের সামনে বসানো হলেও পিচ্চি রাজাকে আর ভ্যানে তোলা হয়নি। পূর্বপরিকল্পনা অনুযায়ী রাস্তার পাশে অপেক্ষমাণ একটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেটকার) রাজাকে তুলে দেন প্রবীর কুমার। এরপর রাত সাড়ে ৮টার দিকে তিনি পুনরায় স্কট পার্টির সাথে যোগ দেন এবং শৌচাগারে যাওয়ার কথা বলে আসামি পালিয়ে গেছে বলে মিথ্যা নাটক তৈরি করেন।
ঘটনার পর থেকে গত আট দিন ধরে পলাতক শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাকে ধরা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, জড়িত সবাইকে আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে দায়িত্বে অবহেলার অভিযোগে ভ্যানে দায়িত্বে থাকা কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব ও শাকিল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









