পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘কেউ আমাকে প্রলোভন দেখিয়ে কোনো দুর্নীতির আশ্রয় নিবে এই সুযোগ আমার মধ্যে থাকবে না, আর আমি কাউকে দিবোও না। এটা আমার প্রতিশ্রুতি, এটা অঙ্গীকার।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমার চাওয়া পাওয়ার কিছু নেই আমি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আজকের এই পর্যায়ে এসেছি। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন আমি যেন সারা জীবন এ সম্মান ধরে রাখতে পারি। আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং পরামর্শ দিবেন। এই মন্ত্রণালয়ের মাধ্যমে লক্ষ্মীপুর এবং দেশের জন্য আগামী দিনে যেন কিছু করতে পারি।’ রাজনৈতিক ভিন্ন মতাদর্শের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায়, সভাপতি আ হ ম মুস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফুল উদ্দিন নিজাম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ননীগোপাল ঘোষ, সচেতন নাগরিআক কমিটির (সনাক) সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হোসাইন আহমেদ হেলাল, জুলাই আন্দোলনে শহীদ সাব্বির আহমেদের বাবা আমির হোসেন প্রমুখ।
সমাবেশে সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









