ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার–পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) সকালে নগরীর টাউন হল এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।
এ সময় তিনি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ফগার মেশিন দিয়ে কার্যক্রমে অংশ নেন। এছাড়াও তিনি কার্যক্রম পরিচালনার জন্য তার এক মাসের সম্মানী ভাতা জেলা প্রশাসনকে দেওয়ার ঘোষণা দেন।
এ কার্যক্রমে জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে নগরীর চরপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেখানে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রমের ফলে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে আসবে। প্রতি সপ্তাহের শনিবার ছাড়াও প্রশাসনের এ কার্যক্রম পুরো মৌসুমজুড়ে চলবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









