ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “তরুণ প্রজন্ম এবং শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, তবে আগামীর জাতির ভবিষ্যৎ ধূলিসাৎ হয়ে যাবে। আজ সর্বনাশা মাদক আমাদের তরুণ সমাজকে গ্রাস করেছে। এই মাদকের মূলোৎপাটন করা না গেলে জাতিকে কোন ভাবেই রক্ষা করা সম্ভব নয়।”
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে সদরপুর স্টেডিয়াম মাঠে ফরিদপুর-৪ আসনের সাংসদ শহিদুল ইসলাম ও ফরিদপুর জেলা পুলিশের যৌথ আয়োজনে বিএনপি নেতা জালাল উদ্দিন রুমির (জার্মান প্রবাসী) সার্বিক সহযোগিতায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধের লক্ষ্যে এক সামাজিক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
তিনি বলেন, ইভটিজিং, অনলাইন জুয়া ও চাঁদাবাজি আমাদের সমাজকে ভেতর থেকে ক্ষয় করে ফেলছে। এই অবক্ষয়ের বিরুদ্ধে এখনই শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তরুণদের উদ্দেশ্যে শহিদুল ইসলাম বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমাদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। সব ধরনের সামাজিক কুপ্রভাব থেকে নিজেদের দূরে রাখতে হবে।” এসময় এমপি সভায় উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকে মাদকদ্রব্য নির্মূলসহ সামাজিক অবক্ষয় রোধে সরাসরি মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের পথে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বর্তমানে প্রধান অন্তরায়। আইনি ব্যবস্থার পাশাপাশি প্রতিটি ঘর থেকে যদি এসবকিছু প্রতিরোধের আওয়াজ ওঠে, তবেই এই অপরাধগুলো নির্মূল করা সম্ভব হবে।”
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার মোকলেছুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রেজওয়ান দীপু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাস, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্কুল-কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী এই সভায় অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









