ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের হানিফের ডাংগী কোল ও আকোটেরচর ইউনিয়নের কালাম শেখের ডাংগী এলাকায় উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. কামাল হোসেন সহ সদরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষিজমি থেকে ডেজ্রার মেশিন দিয়ে মাটি খনন করে বালু উত্তোলনের অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ সালের সংশ্লিষ্ট ধারা মোতাবেক দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— উপজেলার আকোটেরচর এলাকার কালাম শেখের ডাংগী এলাকার শেখ সমাদের ছেলে আবুল কালাম আজাদ (৫৫) ও চরবিষ্ণুপুর ইউনিয়নের রায়ের ডাংগী এলাকার শেখ কচিউদ্দিন ছেলে মো. লিটন শেখ (৪০)।
এ বিষয়ে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, আবাদি জমি রক্ষা ও জনস্বার্থে অবৈধ মাটি-বালু কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









