নরসিংদী-মদনগঞ্জ সড়কে এক টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার রাতে সড়কের পাঁচ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নরসিংদী মডেল থানার ওসি এআরএম আল-মামুন হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত মুজিবুর রহমান (৫৫) মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের বিরামপুর এলাকার মৃত তারা মিয়ার ছেলে এবং মাধবদী পৌর এলাকার কালিবাড়ির দেওয়ান টেক্সটাইল মিলের কেয়ারটেকার ছিলেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, নানা কাজ নিয়ে মাধবদী থেকে প্রায়শই নরসিংদী আসতেন তিনি। সোমবার সন্ধ্যায়ও নরসিংদী থেকে কাজ শেষ করে তিনি মাধবদী ফিরছিলেন। ধারনা করা হচ্ছে, পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন, সঙ্গে থাকা স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে গুরুতর আহত করে সড়কে ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি এআরএম আল-মামুন বলেন, মুজিবুর রহমানকে রাত ১০টার দিকে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালে নামিয়ে চালক চলে যায়। তাকে খুঁজে পেলেই প্রকৃত ঘটনা জানানো যাবে।
তিনি আরও বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









