মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্বাহী প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির ঘটনায় অভিযুক্ত ঠিকাদার মিজান শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে রাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, মিজানের দেওয়া তথ্য অনুসারে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও গ্রামে আবাসিক বহুতল ভবনের ৫ তলায় মিজানের নিজকক্ষ থেকে চুরির ল্যাপটপটি উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. মহিফুল ইসলামের কর্মস্থল থেকে সরকারি ল্যাপটপটি চুরির ঘটনা ঘটে। উপজেলা পরিষদের সিসি ক্যামেরার ফুটেজে ঠিকাদার মিজানকে প্রকৌশলীর অফিসে প্রবেশ করে একটি ব্যাগ হাতে বের হতে দেখা গেছে। ঘটনাটি জানাজানি হলে ল্যাপটপটি উদ্ধারের জন্য মিজানের বড় ভাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কাননকে দায়িত্ব দেওয়া হয়।
আবুল কালাম ল্যাপটপটি উদ্ধারে অপারগতা প্রকাশ করে জানান, তার ভাই মিজান পরিবারের কারো কথা শুনছেন না। পরে গত রবিবার দুপুরে প্রকৌশলী মহিফুল ইসলাম বাধ্য হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরই ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করে ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়।
জানা গেছে, শ্রীনগর উপজেলার রাস্তাঘাটসহ এলজিইডি অফিস সংশ্লিষ্ট অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ওই ল্যাপটপে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









