মাদারীপুর জেলার শিবচরে মনিকা আক্তার (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এরপর স্থানীয়রা ওই মাদক বিক্রেতার বসতবাড়ি গুঁড়িয়ে দেয় বলে খবর পাওয়া গেছে। এর আগে রোববার ওই মাদক বিক্রেতার বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, শিবচরের কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কেশবপুর গ্রামের মনিকা আক্তার দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিল। রোববার ওই বাড়ি থেকে ইয়াবা কিনে ফেরার সময় জব্বার হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা পরে ভ্রাম্যমান আদালতের টিম ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করলে জব্বার হাওলাদারের দেয়া তথ্যমতে অভিযান চালায় মাদক বিক্রেতা মনিকা আক্তারের বাড়িতে। অভিযানের খবর টের পেয়ে গা ঢাকা দেয় মনিকা। এসময় তার বাড়ি থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা, একাধিক মোবাইল ফোন, হাত ঘড়ি এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার জব্দ করা হয়ে। ইয়াবাসহ হাতেনাতে আটক হওয়া জব্বার হাওলাদারকে ১ বছরের সাজা দেয় ভ্রাম্যমান আদালত।
এদিকে একদিন আত্মগোপনে থাকার পর সোমবার বাড়িতে এলে মাদকবিক্রেতা মনিকাকে গ্রেফতার করে শিবচর থানা পুলিশ। পরে ক্ষুব্ধ এলাকাবাসী মনিকার বসতবাড়ি ভাঙচুর করে বলে জানা গেছে।
স্থানীয়রা বলেন,'মনিকা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার বাড়িতে ইয়াবার আড্ডা বসে। স্থানীয়ভাবে তাকে নিষেধ করা হলেও সে কারো কথা শুনতো না।'
শিবচর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ওই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। রাতে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাকে মাদারীপুর আদালতে পাঠানো হচ্ছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন,' রোববার আমরা ওই মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, বিপুল পরিমান মোবাইল ফোন, হাতঘড়ি একটি প্রজেক্টর এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করি। ওই সময় এক ব্যক্তিকে মাদকসহ ধরা হলে তাকে ১ বছরের সাজা দেয়া হয়। এবং মূল মাদক বিক্রেতা পালিয়ে যায়। এর পরের দিন সোমবার রাতে পুলিশ মাদক বিক্রেতা ওই নারীকে গ্রেফতার করে।'


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









