গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের সাতানীপাড়া এলাকায় প্রায় এক হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে নতুন রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে এ রাস্তার কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে শওকত হোসেন সরকার বলেন, উন্নয়নের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সাতানীপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচল দুর্ভোগ দূর করতে গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে এ রাস্তার কাজ শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার অধিকাংশ বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী। দীর্ঘদিন ধরে তারা একটি চলাচল উপযোগী রাস্তার অভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। নতুন রাস্তা নির্মাণের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এসময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ সুলতান উদ্দিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি শেখ তানভীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সদস্য সাখাওয়াত হোসেন খান খোকন, আসাদ হোসেন খান বুলবুল, সহ-সভাপতি হাজী সালাউদ্দিন সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের জোন-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাঈদ আহমেদ, সহকারী প্রকৌশলী আমানসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









