বলিউড অভিনেত্রী টাবুর নাম, ছবি, কণ্ঠস্বর ও পরিচয় অনুমতি ছাড়া ব্যবহার এবং এআই বা ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তার নামে তৈরি কনটেন্ট প্রকাশের বিরুদ্ধে আইনি সুরক্ষা দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
টাবুর ব্যক্তিত্ব ও প্রচার স্বত্ব রক্ষায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বিচারপতি জ্যোতি সিংয়ের একক বেঞ্চের নির্দেশে গুগল, মেটা, এক্স (সাবেক টুইটার), রেডিটসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মকে টাবুর নাম ও ছবি ব্যবহার করে তৈরি ১৫০টির বেশি অননুমোদিত ও বিভ্রান্তিকর লিংক দ্রুত সরিয়ে নিতে বলা হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, টাবুর প্রকৃত নাম তাবাসসুম ফাতিমা হাশমি, তার মঞ্চনাম ‘টাবু’, স্থিরচিত্র, সিনেমার দৃশ্য, কণ্ঠস্বর ও স্বাক্ষর অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। একইভাবে এআই বা ডিপফেক প্রযুক্তির সাহায্যে তাঁর চেহারা, কণ্ঠস্বর বা পরিচয় ব্যবহার করে বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
টাবুর নাম বা ছবি ব্যবহার করে অনুমতি ছাড়া কোনো পণ্য বা মার্চেন্ডাইজ বিক্রির ক্ষেত্রেও আদালত নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
সম্প্রতি ইন্টারনেটে টাবুর সিনেমার দৃশ্য ও সাক্ষাৎকার এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে অশালীন ও বিকৃত কনটেন্ট তৈরির অভিযোগ ওঠে। এর পাশাপাশি তার নামে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির জন্য মিথ্যা বুকিং দেওয়া এবং তার নামে ভুয়া বক্তব্য ছড়িয়ে দেওয়ার ঘটনাও সামনে আসে।
এসব কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের ভাবমূর্তি ও ব্যক্তিগত মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে আদালতের দ্বারস্থ হন টাবু। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই অননুমোদিত কনটেন্ট সরিয়ে নিতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দেওয়া হয়।
বিশ্বজুড়ে এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার নিয়ে তারকা ও জনপরিচিত ব্যক্তিদের উদ্বেগের মধ্যে টাবুর এই আইনি পদক্ষেপকে ব্যক্তিগত পরিচয় ও প্রচার স্বত্ব সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









