রাষ্ট্র ভঙ্গুর বা ব্যর্থ হয়ে পড়লে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে বলে সতর্ক করেছেন তিনি।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম।
পোস্টে তিনি লেখেন, আগামী কয়েক বছর দেশে স্থিতিশীলতা প্রয়োজন। একই সঙ্গে বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের আস্থাও ধরে রাখা জরুরি। রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন একই সঙ্গে দুটি লক্ষ্য নিয়ে কাজ করতে হবে—আস্থা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জুলাইয়ের প্রত্যাশিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করা।
মাহফুজ আলম বলেন, রাষ্ট্রের প্রতি আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন একে অপরের বিপরীত নয়। জুলাইয়ের ছাত্র-জনতার সামাজিক ও রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের ১৬ বছরের সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক ও রাজনৈতিক উত্থান প্রয়োজন।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে আস্থা ও স্থিতিশীলতা নিয়ে তৈরি হওয়া সব অনাহুত সংকট সম্মিলিতভাবে দূর করতে হবে।
সাবেক এই উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র ও অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু লড়াই করলেই হবে না, একই সঙ্গে নতুন কিছু গড়েও তুলতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









