বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড নিয়ে উত্তেজনা। কাতার বিশ্বকাপ জয়ের পর এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে লিওনেল মেসির দল।
আর সেই লক্ষ্যেই এখন স্কোয়াড নিয়ে বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি। শিরোপা ধরে রাখার মহাপ্রস্তুতির অংশ হিসেবে এবার এক বিশেষ পরিকল্পনা বা ‘মাস্টারপ্ল্যান’ সাজিয়েছেন তিনি।
ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড ২৬ সদস্যের হলেও, স্কালোনি মে মাসের শেষ সপ্তাহে আর্জেন্টিনার ইজেইজা ক্যাম্পে ২৬ জনের বেশি ফুটবলারকে ডাকার পরিকল্পনা করছেন।
২০২২ সালের কাতার বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন নিকো গঞ্জালেস এবং জোয়াকিন কোরেয়া। তখন তড়িঘড়ি করে ছুটিতে থাকা আনহেল কোরেয়া এবং থিয়াগো আলমাদাকে দোহায় ডেকে পাঠাতে হয়েছিল।
এবার যেন এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, তাই আগেভাগেই ব্যাকআপ বা অতিরিক্ত খেলোয়াড় প্রস্তুত রাখতে চান আর্জেন্টাইন বস।
প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকে ধাপে ধাপে খেলোয়াড় কমিয়ে আনার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। সর্বশেষ খবর অনুযায়ী, স্কালোনি আপাতত ২৮ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে যাচ্ছেন। আর সেই তালিকায় জায়গা পেতে পারেন দুই চমক—এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে।
দুজনই দীর্ঘদিন জাতীয় দলের মূল পরিকল্পনার বাইরে ছিলেন। তবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দুর্দান্ত মৌসুম কাটিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন তারা। স্কালোনিও তাদের পারফরম্যান্সে মুগ্ধ বলে জানা গেছে।
এমিলিয়ানো বুয়েন্দিয়া চলতি মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে ৫২ ম্যাচে ১১ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন। গতরাতে ইউরোপা লিগের ফাইনালে গোল-অ্যাসিস্ট করেছেন তিনি।
অন্যদিকে মাতিয়াস সুলে ইতালিয়ান ক্লাব রোমার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চলতি মৌসুমে ৪১ ম্যাচে ৭ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন তিনি।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার বিশ্বকাপে খেলবে ‘জে’ গ্রুপে।
সেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









