আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ ফাইনালে খেলতে নেমে ম্যাচ শুরুর ঠিক আগেই তিনি গুরুতর চোটে পড়েন, যা এখন জাতীয় দল ও ভক্তদের মধ্যে শঙ্কা তৈরি করেছে।
এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ফ্রেইবার্গ, যেখানে ৩-০ গোলের দাপুটে জয় পেয়ে ৩০ বছরের শিরোপাখরা কাটিয়েছে ইংলিশ ক্লাবটি। জয়ের পেছনে মার্তিনেজের অবদান ছিল অতি গুরুত্বপূর্ণ।
পুরো ম্যাচে ভাঙা আঙুল নিয়েই দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে নিজের ক্লিনশিট ধরে রাখেন 'দিবু' মার্তিনেজ। ম্যাচ শেষে জানা যায়, ফাইনালে কিকঅফের আগেই এই অনাকাঙ্ক্ষিত চোটে পড়েছিলেন তিনি।
জানা গেছে, ফাইনাল ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপ সেশনের সময়ই মার্তিনেজের ডান হাতের আঙুলে হাড় ভেঙে যায়। সাধারণত এমন চোটে খেলোয়াড়দের মাঠে না নামার পরামর্শ দেওয়া হলেও আর্জেন্টাইন গোলরক্ষক সেই ব্যথা উপেক্ষা করে পুরো ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন। শারীরিকভাবে অস্বস্তিতে থাকলেও তিনি দলের হয়ে দায়িত্ব পালন করেন এবং গোলপোস্টে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সেভও করেন।
ম্যাচ শেষে ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের চোটের ভয়াবহতা নিয়ে মার্তিনেজ বলেন, ‘আজ আমরা যা অর্জন করেছি, সেটা সত্যিই অসাধারণ। ম্যাচের আগে ওয়ার্মআপের সময় আমার আঙুল ভেঙে যায়। জীবনে আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। বল ধরতে গেলেই আঙুলটা অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু আমি এটাকে নেতিবাচকভাবে নিইনি। ফুটবলে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের যেতে হয়।’
চোটের পর কিছু সময় চিকিৎসকদের তত্ত্বাবধানে মাঠের বাইরে থাকলেও পরে বিশেষ ব্যান্ডেজ ব্যবহার করে তিনি আবার মাঠে ফেরেন। তার উপস্থিতি ও পারফরম্যান্স ভিলার রক্ষণভাগকে আরও শক্ত করে তোলে, যার ফলে প্রতিপক্ষ ম্যাচে ফিরতে পারেনি।
তবে ইউরোপা লিগ জয়ের আনন্দ ছাপিয়ে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আগামী জুনে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের একদম আগমুহূর্তে আঙুল ভেঙে যাওয়ায় আর্জেন্টিনার হয়ে আলবিসেলেস্তেদের গোলপোস্ট সামলানো নিয়ে স্বাভাবিকভাবেই শঙ্কায় পড়ে গেছেন বিশ্বজুড়ে থাকা কোটি ভক্ত।
অন্যদিকে, মার্তিনেজ নিজে অবশ্য পরিস্থিতি নিয়ে অতটা চিন্তিত নন। তিনি জানিয়েছেন, ক্লাবের এই ঐতিহাসিক জয় উদযাপন করাই এখন তার প্রথম অগ্রাধিকার। পাশাপাশি তিনি আশাবাদী যে বিশ্বকাপের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং আর্জেন্টিনা দলের হয়ে আবার মাঠে নামতে পারবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









