বিশ্বকাপ ফুটবলে ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়া হয়েছে। ফিফার অনুমোদনে এই স্থানান্তর হয়েছে বলে শনিবার জানিয়েছেন ইরানের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি মেহদি তাজ।
ফিফার পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে এটি এখনও নিশ্চিত করা হয়নি। তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বিবৃতিতে জানিয়েছেন, অনুমতি তারা পেয়ে গেছেন।
“বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের বেইস ক্যাম্প অবশ্যই ফিফা অনুমোদিত হতে হয়। সৌভাগ্যবশত, আমাদের আবেদন জমা দেওয়ার পর এবং ইস্তানবুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের বৈঠকের পর আমাদের দলের ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের আমাদের অনুরোধটি অনুমোদিত হয়েছে।”
বিশ্বকাপে ম্যাচের আগে ও পরে অনুশীলনের জন্য ব্যবহৃত হয় বেইস ক্যাম্প। এবারের আসরে ইরানি দলের বেইস ক্যাম্প হওয়ার কথা ছিল অ্যারিজোনার টুসনে কিনো স্পোর্টস কমপ্লেক্সে।
ইরানের ফেডারেশনের টেলিগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে নিজেদের নতুন বেইস ক্যাম্পের কথাও জানান মেহদি তাজ। প্রশান্ত মহাসাগরের কাছে এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত টিহুয়ানা ক্যাম্প হবে ইরানের ঘাঁটি।
তিনি আরও উল্লেখ করেন যে, এই পদক্ষেপটি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য ভিসা সমস্যার সমাধানও করতে পারে।
‘জি’ গ্রুপে ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে; ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে। পরের ম্যাচটি সিয়াটলে ২৬ জুন মিশরের বিপক্ষে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









