২০২৬ ফিফা বিশ্বকাপ কিক-অফের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া ইতিহাসের বৃহত্তম এই ফুটবল মহোৎসবকে সামনে রেখে এক যুগান্তকারী ও অভিনব উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে এখন টানটান উত্তেজনা। ঠিক এই মুহূর্তে টিকিটধারী দর্শকদের জন্য এক চমক নিয়ে এলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
টিকিটধারী দর্শকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি বিশেষ ফিজিক্যাল (স্মার্ট) কার্ড বা ‘ফিফা ফ্যান আইডি’ উন্মোচন করা হয়েছে, যা একই সাথে দর্শকদের ডিজিটাল অভিজ্ঞতার নতুন দুয়ার খুলে দেবে এবং একটি দারুণ স্মারক হিসেবে তাদের কাছে আজীবন থেকে যাবে।
এই কার্ডটির সবচেয়ে বড় আকর্ষণ লুকিয়ে আছে এর ভেতরের ডিজিটাল প্রযুক্তিতে। কার্ডটি হাতে পাওয়ার পর দর্শকরা তাদের স্মার্টফোনে এটি ট্যাপ করলেই খুলে যাবে এক এক্সক্লুসিভ ডিজিটাল দুনিয়া।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘আপনার ফিফা ফ্যান আইডি হলো এমন এক প্রবেশদ্বার, যা আপনাকে এক্সক্লুসিভ কনটেন্ট, অবিস্মরণীয় অভিজ্ঞতা এবং আজীবন জমিয়ে রাখার মতো এক স্মৃতির দুনিয়ায় নিয়ে যাবে।
তবে ফিফা স্পষ্ট করে জানিয়েছে, এই ফ্যান আইডিটি কোনো ভিসা বা ম্যাচের প্রবেশপত্র (টিকিট) নয় এবং স্টেডিয়ামে প্রবেশের জন্য এটি বাধ্যতামূলকও নয়। এটি মূলত দর্শকদের ম্যাচ উপভোগের অভিজ্ঞতাকে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নিয়ে যেতে এবং স্মৃতি ধরে রাখার জন্য তৈরি করা হয়েছে।
ম্যাচ শেষ হওয়ার পরও কার্ডটি আজীবন ভক্তদের কাছেই থাকবে। তাই ম্যাচ দেখতে মাঠে যান কিংবা না যান, নিয়মিত নতুন নতুন কনটেন্ট ও চমক আবিষ্কার করতে ভক্তদের এই ফ্যান আইডি ব্যবহার করার আহ্বান জানিয়েছে ফিফা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









