টসে জেতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। মুদ্রা নিক্ষেপ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল।
সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফেরা মোসাদ্দেক হোসেন জায়গা পেলেন একাদশে। দুই অফ স্পিনিং অলরাউন্ডারসহ তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের। তার মতোই বাইরে আছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।
তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটছে। দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ঠিক পরপরই শেষবার অজিদের বিপক্ষে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল টাইগাররা।
শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে টানা চারটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল। অবশ্য চোট ও বিশ্রাম মিলিয়ে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের অনেক খেলোয়াড়ই এই সফরে নেই।
পাকিস্তান সফর করে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। ওই সিরিজে স্পিন সহায়ক উইকেটে খুব ভুগেছে জশ ইংলিসের নেতৃত্বাধীন দল। অস্ট্রেলিয়ার ভারপ্রাাপ্ত অধিনায়কের ধারণা ছিল, বাংলাদেশও স্পিন সহায়ক উইকেট পাবেন তারা। তবে জেতার জন্য স্পিন মঞ্চ বানাচ্ছে না বাংলাদেশ। খেলতে চাচ্ছে স্পোর্টিং উইকেটে।
চলতি বছর মিরপুরে খেলা পাঁচ ওয়ানডেতে ভালো করেছেন পেসাররা। সহায়ক উইকেট পেয়ে ২২.৬০ গড়ে তারা নিয়েছেন ৬৯ উইকেট। স্পিনাররা ৩৫.৫০ গড়ে নিয়েছেন ২৬ উইকেট।
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









