ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গিয়েছিলেন সাইফ। পাঁচ ওভার পেরোনোর পর আউট হয়ে যেতে পারতেন নাজমুলও, কিন্তু স্লিপে তার ক্যাচ ধরতে পারেননি লাবুশেন। এরপর থেকে যত সময় যাচ্ছে, ততই তানজিদ ও নাজমুল মেলে ধরছেন নিজেদের। পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের রান এখন ৬২।
নাথান এলিস কিছুটা চ্যালেঞ্জ জানালেও নাজমুল–তানজিদ স্বাচ্ছন্দ্যেই খেলতে শুরু করেছেন এখন। দুজনে একটি করে ছক্কা মেরেছেন। দুজনের জুটি ৫০ পেরিয়ে গেছে। তানজিদের রান এখন ২৫ বলে ৩১, নাজমুলের ৩০ বলে ২৫।
এদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন ভালো করছেন, তখন মিরপুরের আকাশ মেঘে ঢেকে গেছে। জ্বলে উঠেছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটও। বৃষ্টি চলে আসতে পারে যেকোনো মুহূর্তে!
এদিকে ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন। ৪ বছর পর আবার তিনি ফিরেছেন জাতীয় দলের জার্সিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে রাখা হয়েছে তাঁকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মতো আজও একাদশে নেই লেগ স্পিনার রিশাদ হোসেন।
অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে লিয়াম স্কটের। ডানহাতি এই পেসার লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন, ১৫ ইনিংসে ৪৬.৫০ গড়ে করেছেন ৪৬৫ রান।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ : জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









