রাঙামাটির পাহাড়ে যেন মিলেছে সম্প্রীতির মেলা। জগদ্ধাত্রী পূজা আর মহানামযজ্ঞ-এ্ই দুই উৎসবকে ঘিরে শহরের হ্যাপী মোড় থেকে বনরূপা ট্রাফিক মোড় পর্যন্ত বসেছে চার দিনব্যাপী গ্রামীণ পণ্যের মেলা। রঙিন তোরণ পেরিয়ে মেলায় ঢুকতেই চোখে পড়ে সারি সারি দোকান।
কোথাও মাটির হাঁড়ি-কলসি, কোথাও সোনালি চুড়ি ও প্রসাধনী, আবার কোথাও কাঁসা-পিতলের তৈজসপত্র। বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর নারী-পুরুষ, শিশু-কিশোরের পদচারণে প্রথম দিন থেকেই জমে উঠেছে মেলা। কেনাকাটা, ঘোরাঘুরি আর নানা পণ্যের পসরা-সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো মেলা প্রাঙ্গণে।
জগদ্ধাত্রী পূজা ও মহানামযজ্ঞ উপলক্ষে সাজানো রঙিন তোরণ পেরিয়ে মেলায় ঢুকতে হয় দর্শনার্থীদের। বর্ণিল কাপড়ের তোরণ ও নানা সাজসজ্জায় উৎসবের আমেজ ছিল মেলার প্রবেশপথে। মেলায় ঢুকে দেখা গেল- ব্যাগ ও গয়নার দোকানে নারী ক্রেতাদের ভিড়। সোনালি চুড়ি ও প্রসাধনীর দোকানে পছন্দের জিনিস দেখছে শিশুরা। মাটির ফুলদানি, কলসি ও হাঁড়ি সাজিয়ে ক্রেতার অপেক্ষায় এক নারী বিক্রেতা।
দেখা গেল- সারি সারি সাজানো সোনালি ও রঙিন চুড়ি। নারী ও কিশোরীদের ভিড় বেশি এই দোকানে। কৃত্রিম ফুল, ঝুড়ি ও মাটির তৈজসপত্রের পসরা সাজিয়েও বসেছেন বিক্রেতারা। রয়েছে মাটির পুতুল, হাঁড়ি ও লোহার সরঞ্জাম। স্টিলের থালাবাটি ও রান্নাঘরের সরঞ্জামের দোকানেও চলছে দরদাম।
দেখা গেল- কাঁসা-পিতলের তৈজসপত্র, প্রদীপ ও পূজার সামগ্রী নিয়ে বসেছেন দুই বিক্রেতা। হাঁড়িপাতিলের দোকানে পছন্দের পণ্য দেখছেন পাহাড়ি নারী ক্রেতারা। আর মাটির জগ, গ্লাস ও বাটি গুছিয়ে রাখছেন তরুণ বিক্রেতারা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








